বিশেষ প্রতিনিধি আহমদ রেজা
বসন্তের রঙে রাঙা হয়ে উঠল আন্তর্জাতিক বিশ্বতান টীমের আয়োজনে দোলপূর্ণিমা উৎসব–২০২৬। ধর্মীয় ঐতিহ্য, পুরাণকথা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উৎসবটি উদযাপন করা হয়।
পুরাণকথা অনুযায়ী দ্বাপর যুগে শ্রীকৃষ্ণরূপে ঈশ্বর অবতীর্ণ হয়েছিলেন। বৃন্দাবনে তাঁর বাল্য ও কৈশোরের লীলামাধুর্য ভক্তদের হৃদয় আজও স্পর্শ করে। কংসের পাঠানো নানা অসুর—বকাসুর, অঘাসুর, পুতনা প্রমুখ—বালক কৃষ্ণকে হত্যা করতে এলে তিনি তাদের বিনাশ করেন। তেমনি এক অসুর ছিল ম্রেধ্রাসুর। তাকে পরাজিত করে বৃন্দাবনচন্দ্র শ্রীকৃষ্ণ যখন ব্রজে ফিরে আসেন, তখন গোপ-গোপিনীরা আনন্দে তাঁকে দোলায় বসিয়ে দোল দিতে থাকেন এবং ফাগ ও কুঙ্কুমে অভিনন্দিত করেন। ভগবান ও ভক্তের এই আনন্দময় মিলনের স্মৃতিতেই দোলপূর্ণিমা উৎসবের সূচনা।
সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় বসন্তের এই পবিত্র তিথিতে চারদিকে ছড়িয়ে পড়ে রঙের উচ্ছ্বাস। অশোক-পলাশের রাঙা হাসিতে প্রকৃতি যেমন সেজে ওঠে, তেমনি মানুষের মনেও জাগে আনন্দের রঙ। শিশু থেকে তরুণ, প্রৌঢ় থেকে প্রবীণ—সবাই মিলেই উৎসবের আনন্দে মেতে ওঠে।
এই আবহেই আন্তর্জাতিক বিশ্বতান টীম আয়োজন করে রঙ উৎসবের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা নরেন সাহা, যুগ্ম সিনিয়র মহাসচিব শীলা মিত্র, সভাপতি অপর্ণা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নিভূ সেন, সহ-সাংগঠনিক সম্পাদক সোনিয়া দাশসহ অরুন্ধতী, মায়া, টাপুর, তৃষা, অর্ক, দ্বীপ প্রমুখ।
রঙ, আনন্দ আর সম্প্রীতির এই উৎসব সকলের মধ্যে ভালোবাসা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।