
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম
শওকত হোসেন মুন্না
ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ-এর ৭১ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম মহানগর কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোছেইন এবং সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিক আহমদ নুর এরিক দায়িত্ব পেয়েছেন।
কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. মাসুদুর রহমানের স্বাক্ষরিত প্যাডে চট্টগ্রাম মহানগর কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. মাসুদুর রহমান নবনির্বাচিত কমিটির সদস্যদের সাংবাদিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোছেইন বলেন, “আমরা সবাই মিলে সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাংবাদিক আহমদ নুর এরিক বলেন, “সাংবাদিকরা জাতির আয়না। সাংবাদিকদের মাধ্যমে দেশের বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জনগণের সামনে উঠে আসে।” তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি করতে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তথ্য অনুসন্ধান ও সত্য উদঘাটনের ক্ষেত্রে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা করা উচিত। সাংবাদিকরা যাতে নির্ভয়ে ও স্বাধীনভাবে কাজ করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
নবনির্বাচিত চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।