কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা রেঞ্জ পুলিশের উদ্যোগে এক অনলাইন সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা রেঞ্জের ডিআইজি মহোদয়ের সভাপতিত্বে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় রেঞ্জাধীন বিভিন্ন জেলার পুলিশ সুপাররা অংশ নেন।
সভায় ডিআইজি বলেন, ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের সতর্ক থাকতে হবে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার নির্দেশনা দেন তিনি।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ যাতে নিরাপদে ও স্বস্তিতে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে, সে জন্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।
সভায় কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহমুদুল হাসান তালুকদার, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ও টিআই (এডমিন) কিশোরগঞ্জ উপস্থিত ছিলেন। এছাড়া অনলাইন প্ল্যাটফর্মে জেলার সকল থানার অফিসার ইনচার্জরা সভায় যুক্ত ছিলেন।
সভায় ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।