সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ-দুমকি ও সদর) আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে পটুয়াখালীর দুমকিতে এক বিশাল উঠান বৈঠক ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার লেবুখালী পায়রা পয়েন্ট চত্বরে আয়োজিত এই বৈঠকে বিএনপির প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে ভোট চেয়ে নেতাকর্মীদের চাঙ্গা করেন কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য ও জনস্রোত
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের উপদেষ্টা ও আলতাফ হোসেন চৌধুরীর সহধর্মিণী মিসেস সুরাইয়া আক্তার চৌধুরী। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “এমপি হলে মন্ত্রী পাই—সে আমাদের আলতাফ ভাই। ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন।” তিনি দুমকির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষ প্রতীকের জয়কে অপরিহার্য বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে পটুয়াখালী জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী লায়লা ইয়াসমিন উপস্থিত থেকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি তার বক্তব্যে বলেন, তৃণমূলের প্রতিটি ভোটারের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। প্রবীণ এই নেত্রীর উপস্থিতিতে বৈঠকে স্থানীয় নারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।