
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ:
ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য ১৯৯তম পবিত্র ঈদুল আযহার জামাতকে ঘিরে কঠোর ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। দেশের অন্যতম বৃহৎ এই ঈদ জামাত শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টায় শোলাকিয়া ঈদগাহ ময়দানে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি জানান, ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকাকে কয়েকটি নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনে থাকবে পুলিশ, র্যাব, আনসার সদস্য ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি। এছাড়া পুরো এলাকায় স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং আকাশপথে ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হবে।
পুলিশ সুপার বলেন, দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ কাজ করবে। মুসল্লিদের নির্ধারিত স্থানে যানবাহন পার্ক করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার সহযোগিতায় শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের উদ্দেশ্যে কিছু নির্দেশনাও দেওয়া হয়। জায়নামাজ ছাড়া অন্য কোনো ব্যাগ, ছাতা, লাঠি কিংবা ধাতব বস্তু সঙ্গে না আনার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে তল্লাশি কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে মুসল্লিদের নির্ধারিত সময়ের আগেই মাঠে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়।
মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “শোলাকিয়ায় আগত প্রতিটি মুসল্লির নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈদ জামাত সম্পন্ন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।”
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিনসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।