
স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পৃথক দুটি অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে,গত রোববার (১৭ মে ২০২৬) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কটিয়াদী মডেল থানার মুমুরদিয়া ইউনিয়নের বাঘবেড় এলাকায় অভিযান চালানো হয়। মোহাম্মদ চৌকিদারের বাড়ির উত্তর পাশে পাকা রাস্তার ওপর থেকে মো. রুবেল (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত তোতামিয়ার ছেলে এবং একই এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ২০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
একই রাতে রাত ৯টা ৫ মিনিটে থানাধীন কৈতরীপাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। গচিহাটা-কৈতরীপাড়া ইটের সড়কে মো. সুমন মিয়ার বাড়ির সামনে থেকে মো. সুমন মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি আব্দুল হামিদের ছেলে এবং কৈতরীপাড়া গ্রামের বাসিন্দা। তল্লাশিকালে তার পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং জব্দ তালিকাভুক্ত করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।