
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলায় সরকারি কবরস্থানের মাটি ভরাটের কাজ বরাদ্দকে ঘিরে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার পর সেই টাকা ফেরত দিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আওলাদ হোসেন। অভিযোগের পরদিনই তিনি ঘুষ হিসেবে নেওয়া ৯ হাজার টাকা অভিযোগকারীকে ফিরিয়ে দেন।
বুধবার (১১ মার্চ) সকালে নলছিটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ অলিউল ইসলামের কাছে ওই টাকা ফেরত দেওয়া হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নলছিটি পৌরসভার মল্লিকপুর সরকারি কবরস্থানে মাটি ভরাটের জন্য টিআর প্রকল্পের আওতায় প্রায় ১ লাখ ১৫ হাজার টাকার একটি কাজ বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, কাজটি বাস্তবায়নের ক্ষেত্রে অতিরিক্ত খরচের কথা বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন অভিযোগকারী অলিউল ইসলামের কাছ থেকে ৯ হাজার টাকা গ্রহণ করেন।
এ ঘটনায় মঙ্গলবার (১০ মার্চ) ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন অলিউল ইসলাম। অভিযোগ পাওয়ার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।
অভিযোগকারী অলিউল ইসলাম জানান, অভিযোগ দায়েরের পর পিআইও আওলাদ হোসেন নিজের ভুল স্বীকার করে বুধবার সকালে তার কাছ থেকে নেওয়া ৯ হাজার টাকা ফেরত দেন।
এ বিষয়ে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে নলছিটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।