
স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তিন ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রফিকুল ইসলাম দুলাল, দেলোয়ার হোসেন উজ্জল ও দ্বীন ইসলাম ওরফে এনামুল আহত হয়েছেন। তাঁদের মধ্যে দেলোয়ার হোসেন উজ্জলের বাম চোখে গুরুতর আঘাত লেগেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ৫ আগস্ট রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে কিশোরগঞ্জ সদর উপজেলার ডিগ্রীকান্দা এলাকার একটি সরকারি রাস্তায়। এ ঘটনায় রফিকুল ইসলাম দুলাল বাদী হয়ে ৮ আগস্ট কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহারে আবু বাক্কার সিদ্দিক (৫৫), ওয়াসিম মিয়া (২২), সাইদুর রহমান (৬০), জসিম মিয়া (২৮) ও ইয়াসিন মিয়া (২৬)-এর নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে আসামিরা কয়েকদিন ধরে বাদী ও তাঁর স্বজনদের হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করা হয়। ঘটনার রাতে রফিকুল ইসলাম দুলাল, দেলোয়ার হোসেন উজ্জল ও দ্বীন ইসলাম ওরফে এনামুল স্থানীয় একটি মসজিদে এশার নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। তাঁরা সাক্ষী জাবির উদ্দিনের দোকানের সামনে সরকারি রাস্তায় পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া আসামিরা তাঁদের পথরোধ করে হামলা চালায় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
বাদীর অভিযোগ, এ সময় ইয়াসিন মিয়া লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথায় গুরুতর রক্তাক্ত ও হাড়ভাঙা জখম হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
রফিকুল ইসলাম দুলালকে রক্ষা করতে এগিয়ে গেলে দেলোয়ার হোসেন উজ্জলের ওপর চাপাতি দিয়ে হামলা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এজাহারে বলা হয়, আবু বাক্কার সিদ্দিক তাঁর ডান চোখের ওপরে এবং ওয়াসিম মিয়া বাম চোখের ওপরে চাপাতি দিয়ে আঘাত করেন। এতে উজ্জলের বাম চোখের পাতা কেটে যায় এবং চোখের ভেতরে রক্তক্ষরণ হয়। বর্তমানে ওই চোখ দিয়ে তিনি দেখতে পাচ্ছেন না বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে সাইদুর রহমান লোহার রড দিয়ে দ্বীন ইসলাম ওরফে এনামুলের মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি আত্মরক্ষার্থে হাত দিয়ে আঘাত ঠেকান। এতে তাঁর ডান হাতের কনিষ্ঠ আঙুলে গুরুতর আঘাত লাগে বলে অভিযোগ করা হয়েছে। পরে তাঁর শরীরের বিভিন্ন স্থানেও রড দিয়ে আঘাত করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
এজাহারে আরও বলা হয়, হামলার সময় আহতদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা মামলা করলে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহতদের একটি অটোরিকশাযোগে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় মামলা নং-০৯, তারিখ ৮ আগস্ট ২০২৬। মামলায় দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ মামলাটি তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে।