কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসী এসোসিয়েশন, কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মাজহারুল ইসলাম-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
জেলা শহরে তাঁর নিজ বাসভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত এ জননেতাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ উল্লাহ সালামত, সদস্য সচিব মোঃ কামাল মিয়া, যুগ্ম আহ্বায়ক মোঃ রাসেল খান, নয়ন দেবনাথ, আল-আমিন, আহসান উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া কার্যকরী কমিটির সদস্য আরিফুল ইসলাম, এম এ সালামসহ সংগঠনের বিপুলসংখ্যক সদস্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের নেতারা বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে কিশোরগঞ্জ-১ আসনে উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। তারা আশা প্রকাশ করেন, এলাকার সার্বিক অগ্রগতি ও জনকল্যাণে তিনি কার্যকর ভূমিকা রাখবেন। পাশাপাশি তাঁরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমে দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
এ সময় সংসদ সদস্য মাজহারুল ইসলাম উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং কিশোরগঞ্জ-১ আসনের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সংগঠনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে গঠনমূলক কার্যক্রমে পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানটি শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়।