
ষ্ট্যাফ রিপোর্টার,
কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা, বদলিজনিত বিদায়ী সংবর্ধনা এবং প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
সভা শেষে বদলিজনিত কারণে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহমুদুল ইসলাম তালুকদার-কে আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা জানানো হয়। এ সময় জেলা পুলিশ কিশোরগঞ্জ-এর পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত থেকে বিদায়ী দুই কর্মকর্তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। দীর্ঘ সময় একসঙ্গে কাজ করার স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। বিদায়ী বক্তব্যে পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সহকর্মীদের নিষ্ঠা ও আন্তরিকতার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও জনগণের সেবায় একইভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
পরে পুলিশ লাইন্স মেসে পুলিশ সুপারের সভাপতিত্বে প্রীতিভোজের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দিতে গিয়ে তিনি সহকর্মীদের সঙ্গে কাটানো সময়ের স্মৃতি তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার, জেলার সকল সার্কেল অফিসার, থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ লাইন্সসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও কর্মচারীরা। অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায়ী কর্মকর্তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।