
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ শহরের নিউটাউন এলাকায় অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ বড়বাজার দুইনং ফাড়ি পুলিশ। গত শুক্রবার(৫ জুন) রাত আনুমানিক ৯টার দিকে কিশোরগঞ্জ মডেল থানার অধীন বড়বাজার ফাঁড়ি এসআই নইমুলসহ পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ সোহেল (৪০)। তিনি আব্দুল হামিদের ছেলে। তার মায়ের নাম রোকেয়া। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার নিউটাউন পশ্চিম তারাপাশা এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়বাজার ফাঁড়ির এসআই নইমুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ নিউটাউন পূর্ব তারাপাশা এলাকার ইমিম স্টোরের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে সোহেলকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সোহেল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে। এসব মামলার কারণে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতেও ছিলেন।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের দাবি, মাদক নির্মূলে স্থানীয় জনগণের সহযোগিতা অব্যাহত থাকলে এ ধরনের অপরাধ দমনে আরও কার্যকর ফল পাওয়া সম্ভব হবে।