
মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু ও শৈলকূপা উপজেলার সীমান্তবর্তী এলাকার তিন গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবে কুমার নদের ওপর নিজ উদ্যোগে নির্মিত হচ্ছে পারাপারের একটি সাঁকো। নিত্যানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়, এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং এন,টি,পি ক্লাবের যৌথ উদ্যোগ ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় এই মানবিক ও সেবামূলক কাজটি বাস্তবায়িত হচ্ছে।
জানা যায়, কুমার নদের দুই পাড়ের হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নিত্যানন্দপুর এবং শৈলকূপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের যাদবপুর ও ফুলহরি ইউনিয়নের পুটিমারি—এই তিনটি গ্রামের মানুষের যোগাযোগের ক্ষেত্রে নদী পারাপার সবসময়ই একটি বড় বাধা ছিল। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হতো। দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার হতে হতো এলাকাবাসীকে। বিশেষ করে বর্ষা মৌসুমসহ প্রতিকূল আবহাওয়ায় এই দুর্ভোগ আরও বহুগুণ বেড়ে যেত।
শুক্রবার দুপুরে (১৩ নভেম্বর) সম্প্রতি এই নির্মাণাধীন সাঁকোটি সরেজমিন পরিদর্শন করেন নিত্যানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শিক্ষাবিদ জনাব মোঃ শরিফুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়রা আশা প্রকাশ করছেন, সাঁকোটির নির্মাণকাজ সম্পূর্ণ হলে এই তিন গ্রামের মানুষের মধ্যে সরাসরি যাতায়াত ও যোগাযোগ স্থাপিত হবে। এর ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত যেমন সহজ হবে, তেমনি এলাকার সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল, শিক্ষা ও সামাজিক যোগাযোগের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
এটি কেবল নদীর ওপর একটি সাধারণ সাঁকো নির্মাণ নয়; বরং তিনটি গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সহযোগিতার এক অনন্য সেতুবন্ধন। এমন একটি মহৎ উদ্যোগে এগিয়ে আসায় নিত্যানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়, এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী। মানবিক এই উদ্যোগের ফলে তিন গ্রামের মানুষের দীর্ঘদিনের অবর্ণনীয় দুর্ভোগ চিরতরে ঘুচে যাবে বলে প্রত্যাশা সবার।