
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নবনিযুক্ত চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস) এবং কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
শনিবার দুপুরে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মাসাসের চেয়ারম্যান মীর্জা ফসিহ উদ্দিন আহমেদ, সাংবাদিক ইউনিয়নের সদস্য মোতালেব হোসেন, মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি, আবুল খায়ের, সাপ্তাহিক দেশপত্র পত্রিকার প্রধান সম্পাদক জুয়েল খন্দকার, সময় এডিশন-এর সম্পাদক মো. শাহরিয়া-সহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।
সৌজন্য সাক্ষাৎকালে চেয়ারম্যান উদ-বাতুল বারী আবু উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সৎ সাংবাদিকতার মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক উদ্যোগ জনগণের সামনে যথাযথভাবে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে তিনি কুমিল্লাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাংলাদেশের অন্যতম মডেল নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ কুমিল্লার সার্বিক উন্নয়ন, নগর পরিকল্পনা এবং জনবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সফলতা কামনা করেন।