মোঃ রবিউল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:
আদর্শিক ও নৈতিক মতপার্থক্যের কারণ দেখিয়ে গণ অধিকার পরিষদের হরিণাকুন্ডু উপজেলা শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন আমর বিন মারুফ (জিতু)। গত মঙ্গলবার (২ জুন, ২০২৬) তিনি জেলা কমিটির সভাপতি বরাবর নিজের পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে আমর বিন মারুফ উল্লেখ করেন, তিনি এতদিন নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দলের দায়িত্ব পালন করে এসেছেন। তবে সম্প্রতি দলের বিভিন্ন কার্যক্রম এবং বেশ কিছু সিদ্ধান্তের সঙ্গে তিনি আর আদর্শিকভাবে ও নৈতিকভাবে একমত হতে পারছেন না।
পদত্যাগপত্রে তিনি আরও বলেন, ‘আমার ব্যক্তিগত নীতি ও আদর্শের সঙ্গে আপস করে এই পদে থেকে দায়িত্ব পালন করা অথবা দলের সাথে যুক্ত থাকা আমার পক্ষে আর কোনোভাবেই সম্ভব হচ্ছে না।’
এমতাবস্থায়, তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় ও সজ্ঞানে গণ অধিকার পরিষদের হরিণাকুন্ডু উপজেলা শাখার আহ্বায়ক পদসহ দলের সকল স্তরের পদ ও সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন বলে চিঠিতে জানিয়েছেন। দায়িত্ব পালনকালে যারা তাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে গণ অধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।