
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় একটি এগ্রো ফার্মের মালিকের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, “তৈলিয়ান মোল্লা এগ্রো ফার্ম”-এর মালিকের কাছে টাকা দাবি করে তা না দিলে ক্ষতি করার হুমকি দেওয়া হয়।
ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী অভিযুক্তদের আটক করে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, আটকের পর তারা রাজনৈতিক পরিচয় উল্লেখ করে প্রভাব খাটানোর চেষ্টা করেন এবং দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
আটকরা হলেন— সম্রাট মিয়া (সাংগঠনিক সম্পাদক, বোনারপাড়া ইউনিয়ন বিএনপি), হাসান কবির (সদস্য সচিব, বোনারপাড়া ইউনিয়ন যুবদল) ও সৃজন আহমেদ শিপন (সাবেক আহ্বায়ক, বোনারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদল)। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।