নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন ট্রাফিক বিভাগের টিএসআই সিদ্দিক। স্থানীয় পরিবহন চালক, হেলপার ও ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে সড়কে যানবাহন থামিয়ে বিভিন্ন অজুহাতে টাকা আদায় করা হচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালকদের কাছ থেকে নিয়মিতভাবে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হয়। অনেক ক্ষেত্রে গাড়ির কাগজপত্রে সামান্য ত্রুটি পেলেই মামলা দেওয়ার ভয় দেখিয়ে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীদের দাবি, টিএসআই সিদ্দিকের নেতৃত্বে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে, যেখানে কয়েকজন অসাধু ট্রাফিক সদস্য জড়িত। টাকা দিতে অস্বীকৃতি জানালে মামলা, হয়রানি ও গাড়ি আটকানোর মতো ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন চালকরা।
স্থানীয় পরিবহন শ্রমিকরা জানান, “খরচ দেন, না হলে মামলার কপি নেন”—এ ধরনের কথার মাধ্যমে চালকদের চাপ প্রয়োগ করা হয়। ফলে মামলা আতঙ্কে অনেকেই বাধ্য হয়ে টাকা দিচ্ছেন।
এ ঘটনায় এলাকাবাসী ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে টিএসআই সিদ্দিক বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।