
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীব্র ভাঙনের হাত থেকে বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলি জমি রক্ষায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর পূর্বপাড়া শ্মশান ঘাট এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এলাকাবাসী জানান, চকরহিমাপুর পূর্বপাড়া শ্মশান ঘাট সংলগ্ন করতোয়া নদীর ভয়াবহ ভাঙন দিন দিন আরও তীব্র আকার ধারণ করছে। গত কয়েকদিনে নদীগর্ভে বিলীন হয়েছে একটি মাদ্রাসাসহ শতাধিক বিঘা ফসলি জমি। বর্তমানে ভাঙনের হুমকির মুখে রয়েছে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক, বিদ্যুৎ সঞ্চালন লাইন, ঈদগাহ মাঠ, শ্মশান ঘাট, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি হিন্দুপাড়া এবং হাজার হাজার বিঘা আবাদি জমি।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভাঙন রোধে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে আবেদন জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়ে স্থানীয়রা নিজেদের উদ্যোগে গাছের ডালপালা ও বাঁশ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন। তবে এভাবে ভাঙন রোধ করা সম্ভব হচ্ছে না। দ্রুত স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ না হলে নদী পাড়ের পুরো গ্রামটি মানচিত্র থেকে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
তারা অবিলম্বে করতোয়া নদীর ভাঙন রোধে টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা এবং কৃষিজমি রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাপমারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সায়োয়ার মন্ডল, গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরদার, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য প্রভাষক সজল দেবনাথ, সহকারী শিক্ষক নিকুঞ্জ দেবনাথ, শ্রী ভক্ত দেবনাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।