
সৌরভ হাওলাদার (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও তাদের শিশু কন্যাসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) দুপুর প্রায় ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী ‘তাজ আনন্দ’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিনজন নিহত হন। নিহতরা হলেন—ফিরোজ মাহামুদ, তার স্ত্রী মনিরা বেগম এবং তাদের শিশু কন্যা জান্নাত। তাদের বাড়ি পাশ্ববর্তী উজিরপুর উপজেলায়।
দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে প্রায় ২ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহাসিন হোসেন জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।