মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম।
সিএমপি’র ডিবি-পশ্চিম বিভাগের একটি চৌকস আভিযানিক টিম ২১/০৪/২০২৬ তারিখ বিশেষ অভিযান ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক টিম দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ দিদারুল আলম মাসুম (৩৮) কে আটক করে।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি স্বীকার করে যে, পলাতক আসামি মোঃ সাহেদ প্রকাশ পিচ্চি (৩৫) এর সহায়তায় প্রায় এক মাস পূর্বে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে একটি বিদেশি রিভলভার ও ৫ রাউন্ড গুলি সংগ্রহ করে। পরে উদ্ধারকৃত রিভলভারটি গুলিসহ লুকিয়ে রাখার জন্য তার সহযোগী সাহেদ প্রকাশ পিচ্চির নিকট হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ৭টা ৫০ মিনিটে আভিযানিক টিম খুলশী থানাধীন লালখান বাজার টাংকির পাহাড়স্থ গাজী কালু মাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাতক আসামি মোঃ সাহেদ প্রকাশ পিচ্চি কৌশলে পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃত মোঃ দিদারুল আলম মাসুমের দেখানো মতে পলাতক আসামির ঘর হতে একটি লাল রঙের শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি সচল প্লাস্টিকের বাটযুক্ত বিদেশি রিভলভার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত রিভলভারের গায়ে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম খোদাই করা ছিল। অস্ত্রটির এক পাশে পাকিস্তানে তৈরি উল্লেখ রয়েছে এবং অপর পাশে বত্রিশ বোর মডেলের চিহ্ন পাওয়া যায়। রিভলভারটির দৈর্ঘ্য ৯ দশমিক ৫ ইঞ্চি। এছাড়া ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়, যার প্রতিটির পেছনে বত্রিশ বোর লং লেখা রয়েছে।
গ্রেফতারকৃত আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে খুলশী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।