
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ রেলওয়ে থানাধীন এলাকায় চলন্ত আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ২ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
কিশোরগঞ্জ রেলওয়ে থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে জামালপুরগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনকালে রেলওয়ে থানার টিজি পার্টি ট্রেনের "গ" বগিতে অভিযান পরিচালনা করে। এ সময় কসটেপ দিয়ে মোড়ানো ২ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ মদিনা ওরফে শিরিনা (৪০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়।
পরবর্তীতে ট্রেনটি কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছালে আটককৃত আসামি ও উদ্ধারকৃত আলামত কিশোরগঞ্জ রেলওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় কিশোরগঞ্জ রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।