
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে একটি অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১ টায় ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটির উদ্যোগে এই ডায়ালগের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, চাঁপাইনবাবগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ সাহিদা আখতার, চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার কর্মকার, ব্র্যাক
চাঁপাইনবাবগঞ্জের রিজিওনাল ম্যানেজার মরমিতাজ ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ ব্র্যাক ডিস্ট্রিক্ট করডিনেটর মোমেনা খাতুন, সদর উপজেলার সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, চাঁপাইনবাবগঞ্জ সিসিডিবির এরিয়া ম্যানেজার পিটার সরকার ও বিভিন্ন প্রোগ্রামের ম্যানেজমেন্ট কর্মীসহ কমিউনিটির সদস্য এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ডায়ালগে বক্তারা বলেন, "নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা দূর করতে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য সরকারি ও বেসরকারি উভয় খাতের সমন্বিত অংশীদারিত্ব অত্যন্ত জরুরি।" সমাজে সচেতনতা বৃদ্ধি, আইনি সহায়তার সহজলভ্যতা এবং অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনার মাধ্যমে একটি নিরাপদ পরিবেশ গড়ে তোলার ওপর জোর দেন তারা। অনুষ্ঠানে ব্র্যাকের স্লোগান—“নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ করি, প্রতিরোধ গড়ি, প্রতিকার করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত অতিথিরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এই সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।