মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহ:
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নে রাজনৈতিক তৎপরতা ও জনসমর্থন তুঙ্গে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রত্যাশী মোঃ রুহুল আমিনকে ঘিরে এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দুঃসময়ে জনগণের পাশে থাকা এবং এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে তিনি মাঠে সক্রিয় রয়েছেন।
স্থানীয় এলাকাবাসী ও সমর্থকদের সাথে কথা বলে জানা যায়, অতীতের বিভিন্ন রাজনৈতিক সংকট ও দুঃসময়ে মোঃ রুহুল আমিন সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন। তার এই দীর্ঘদিনের জনসেবা ও রাজনৈতিক ত্যাগের মূল্যায়ন হিসেবেই এলাকার সর্বস্তরের জনগণ ও হাজারো সমর্থক তাকে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে তার পক্ষে অবস্থান নিয়েছেন এবং তাকে মনোনয়ন পাওয়ার জোরালো আশ্বাস ও সমর্থন জানাচ্ছেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে মোঃ রুহুল আমিন জানান, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে দেশনেতা তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী জোড়াদহ ইউনিয়নকে একটি দুর্নীতি ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার প্রসার এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার ওপর তিনি বিশেষ জোর দিয়েছেন।
জোড়াদহ ও এর আশেপাশের এলাকার কৃষকদের উৎপাদিত পণ্যের কথা মাথায় রেখে কৃষকদের জীবনমান উন্নয়ন এবং তাদের চাহিদা অনুযায়ী সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন এই নেতা। এলাকার সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি সবসময় তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় ভোটার ও যুব সমাজের প্রতিনিধিরা মনে করছেন, সঠিক নেতৃত্ব ও সৎ মানসিকতার প্রতিফলন ঘটাতে মো. রুহুল আমিনের মতো জনবান্ধব নেতার বিকল্প নেই। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনে জোড়াদহ ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।