ষ্ট্যাফ রিপোর্টার,
কিশোরগঞ্জে জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং বিভিন্ন সরকারি দপ্তরের চলমান প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জুলাই ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন। এ সময় জেলার উন্নয়ন কার্যক্রম, জনসেবামূলক উদ্যোগ এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
জেলা প্রশাসক সোহানা নাসরিন জেলা মৎস্য অফিস, সড়ক ও জনপথ অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা শিক্ষা অফিস এবং বিএডিসি (সার)-এর চলমান কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি প্রতিটি দপ্তরকে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
সভায় তিনি হাওরাঞ্চলে পর্যটন মৌসুমে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত ভ্যাকসিন ও প্রয়োজনীয় ওষুধের মজুদ সংরক্ষণ এবং জনসেবার মান আরও উন্নত করার নির্দেশনা প্রদান করেন।
এছাড়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।
সভায় উপস্থিত ছিলেন উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার জেবুন নাহার শাম্মী, দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, পুলিশ সুপারের প্রতিনিধি এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা।