
মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ঝালকাঠি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনায় আজ শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৬) ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে “আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিম”-এর এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নির্বাচন কমিশনার জনাব ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অবঃ)। এতে সভাপতিত্ব করেন ঝালকাঠির রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক জনাব মোঃ মমিন উদ্দিন।
সভায় আরও উপস্থিত ছিলেন লে. কর্নেল মোঃ ইয়াসির আরাফাত ভুঁইয়া, অধিনায়ক, সেনা ক্যাম্প, ঝালকাঠি; পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান; আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জনাব মোঃ ফরিদুল ইসলাম; ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনের সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ; আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সদস্যরা, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভার শুরুতে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ঝালকাঠি জেলার নির্বাচন সংক্রান্ত সার্বিক প্রস্তুতি সম্পর্কে মাননীয় নির্বাচন কমিশনারকে অবহিত করেন। তিনি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গৃহীত প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কমিটি— ইলেক্টোরাল ইনকোয়ারি ও এডজুডিকেশন কমিটি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মনিটরিং টিম, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিম—এর দায়িত্ব ও কার্যপরিধি সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, “নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা, আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করা এবং যেকোনো অনিয়ম দ্রুত চিহ্নিত ও প্রতিরোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” এ সময় তিনি সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় অংশগ্রহণকারীরা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে নজরদারি জোরদার, তথ্য আদান-প্রদান বৃদ্ধি এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে একমত পোষণ করেন।