
মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর হাসপাতালে আশ্রয় নেওয়া ৬০ বছর বয়সী এক দৃষ্টিপ্রতিবন্ধী নারীকে খাবার খাওয়ানোর কথা বলে বাইরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. বেলাল সিকদার ও মো. নাসির মল্লিক নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে আশ্রয় নেওয়া ওই নারীকে খাবার খাওয়ানোর কথা বলে হাসপাতাল থেকে বাইরে ডেকে নেওয়া হয়। পরে তাকে মোটরসাইকেলে করে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
ভুক্তভোগী নারীর অভিযোগ, সেখানে নিয়ে যাওয়ার পর একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করে। একপর্যায়ে তাকে আবার হাসপাতালে ফিরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর দেওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বেলাল সিকদার ও নাসির মল্লিককে আটক করে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী নারীর নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।