
মিজানুর রহমান মুবিন, ঝালকাঠী জেলা প্রতিনিধি:
ঝালকাঠী'র কাঠালিয়ার একদল জেলেদের জালে বঙ্গোপসাগরের দানব নামে পরিচিত আনুমানিক ২৫ মন ওজনের একটি খটক মাছ (স্থানীয়ভাবে করাতি হাঙর নামেও পরিচিত) ধরা পড়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে আড়াই লাখ টাকায় আমুয়া মৎস্য বন্দরে জেলেরা নিলামে মাছটি বিক্রি করেন।
দানব আকৃতির মাছটি টমটম গাড়ীতে করে কাঠালিয়া উপজেলার আমুয়া মৎস্য বন্দরে নিয়ে আসলে শত শত মানুষ মাছটি দেখতে জড়ো হয়। স্থানীয় জেলেরা জানান, বঙ্গোপসাগর থেকে কাঁঠালিয়া উপজেলা মাত্র ৬০ কিলোমিটার নিকটবর্তী হওয়ায় এখানকার অনেক জেলেই বঙ্গোপসাগরে নিয়মিতভাবে মাছ ধরতে যান।
এমন একটি দল মঙ্গলবার ভোরে বঙ্গপসাগর থেকে ধরা এই বিশাল মাছটি নিয়ে আমুয়া মৎস্য বন্দরে আসেন। মাছটির ওজন আনুমানিক ২৫ মণ। পরে এটি নিলামে ওঠালে আমুয়ার মাছের আড়তদার আব্দুল হাই সরদার আড়াই লাখ টাকায় কিনে নেন। পরে এই দানবদেহী মাছটিকে বেশি দামে বিক্রির জন্য ইঞ্জিনচালিত ভ্যানে উঠিয়ে পিরোজপুর জেলার পারেরহাট মৎস্য বন্দরে নিয়ে যান আব্দুল হাই।
মাছের আড়তদার আব্দুল হাই বলেন, ‘কাঁঠালিয়ার জেলেদের জালে অনেকদিন পর এমন একটি মাছ ধরা পড়ায় দারুণ খুশি জেলে পরিবারগুলো। মাছটি আনার পর খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যপক কৌতূহল সৃষ্টি হয়। মাছটি ভাগ করে বিক্রি করা হবে।’