মিজানুর রহমান মুবিন , ঝালকাঠি জেলা প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুর উপজেলায় মিলন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে পরিবারের সদস্যরা। শনিবার দুপুরে উপজেলার পশ্চিম আদাখোলা ঈদগাহ মসজিদ সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মিলন পশ্চিম আদাখোলা এলাকার তৈয়ব আলী হাওলাদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, মিলনের সঙ্গে তার স্ত্রী রোজিনা এবং শ্বশুরবাড়ির সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধ মীমাংসার কথা থাকলেও তা আর সম্ভব হয়নি।
নিহতের স্বজনদের দাবি, শনিবার দুপুরে পাশের একটি বাড়িতে দাওয়াতে যাওয়ার পথে ঈদগাহ মসজিদ এলাকায় পৌঁছালে মিলনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। অভিযোগ করা হয়, মিলনের শ্বশুর আউয়াল, শ্যালক মাসুম, রহিম ও রুবেল পরিকল্পিতভাবে এ হামলা চালিয়ে ঘটনাস্থলেই ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিলনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. খালিদ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই মিলনের মৃত্যু হয়েছে। তার শরীরে ১০-১২টি ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, নিহতের স্ত্রী রোজিনা অভিযোগ অস্বীকার করে বলেন, মিলনের সঙ্গে বিভিন্ন ব্যক্তির শত্রুতা ছিল। তার পরিবারের কেউ এ হত্যাকাণ্ডে জড়িত নয়।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।