মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহ:
ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াতে ইসলামী, ঝিনাইদহ জেলা শাখা।
শনিবার দুপুরে শহরের আল-হেরা এলাকার জামায়াতের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলী আযম মোহাম্মদ আবু বকর, জেলা নায়েবে আমীর আব্দুল আলীম, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, শহর শাখার আমীর এডভোকেট ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমানের জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে করণীয় বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দলটির নেতাকর্মীরা। এ সময় ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলী আযম মোহাম্মদ আবু বকর অভিযোগ করে বলেন, বিএনপি তাদের সমর্থকদের ওপর ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি নেতা-কর্মীরা জামায়াতের সমর্থনকারীদের ওপর, বিশেষ করে নারী সমর্থকদের ওপর আতঙ্কিত হামলা, অপমান ও অপদস্থ করার মতো ঘটনায় জড়িত রয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান জামায়াত নেতৃবৃন্দ।