
বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম
কক্সবাজার, ১১ এপ্রিল ২০২৬: কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক নারী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার (১১ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় নিজ বাড়ি থেকে মোসাঃ তাছলিমা বেগম (৩০) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার সাইফুল ইসলামের স্ত্রী।
জানা গেছে, গ্রেপ্তারকৃত তাছলিমা বেগমের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় দায়েরকৃত একটি মামলায় (মামলা নং- ৩(১২)১৮; সেশন/শিশু/বিঃট্রাঃ ১৭১৯/১৯) আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯(১) এর টেবিল ৯(খ) ধারায় দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন আদালত।
রায়ের পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে গ্রেপ্তার এড়িয়ে আসছিলেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।