
আফতাব উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে পরিচালিত দৃষ্টি প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের বিনামূল্যে ছানি অপারেশনসহ সাধারণ চক্ষু রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলাধীন পৌরসভার ৯নং ওয়ার্ড জলিলপুর গ্রামের জলিলপুর জেলা প্রশাসন প্রাইমারি স্কুলে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্পে পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা অসহায় ও দুঃস্থ রোগীদের চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উক্ত ক্যাম্পে সর্বমোট ৯০ জনকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। তার মধ্যে ৩৫ জন চক্ষু রোগীকে ছানি রোগী হিসেবে শনাক্ত করে ৭ জনকে সুনামগঞ্জ আই কেয়ার চক্ষু হাসপাতালে নিয়ে ওইদিনই তাদেরকে ছানি অপারেশন করা হয়। উক্ত ৭ জন রোগীকে পরদিন বৃহস্পতিবার (৯ এপ্রিল) সুনামগঞ্জ আই কেয়ার চক্ষু হাসপাতাল থেকে রিলিজ প্রদান করা হয়। বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জলিলপুর জাগরণী যুবকল্যাণ সংঘের উপদেষ্টা ও পঞ্চায়েত প্রধান বিশিষ্ট মুরব্বি জনাব ফয়জুর রহমান। তিনি বলেন, সুনামগঞ্জের কৃতী সন্তান ডাচ্-বাংলা ব্যাংকের এমডি ও সিইও আবুল কাশেম মোহাম্মদ শিরিন মহোদয়ের উদ্যোগে ডাচ্ বাংলা ব্যাংকের অর্থায়নে সারাদেশের মতো সুনামগঞ্জেও দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সুযোগ পাচ্ছে।
এছাড়াও ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অব্যাহত রয়েছে। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও জলিলপুর জাগরণী যুবকল্যাণ সংঘের সভাপতি মো. আফতাব উদ্দিন, সুনামগঞ্জ আই কেয়ার চক্ষু হাসপাতালের সহকারি চিকিৎসক কৌশিক রায়, আই কেয়ার চক্ষু হাসপাতালের ফিল্ড ম্যানেজার ও জলিলপুর জাগরণী যুবকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক শামছুল কবির, সংঘটের উপদেষ্টা আশিক মিয়া, জলিলপুর জাগরণী যুবকল্যাণ সংঘের সহ-সভাপতি সুহেল মিয়া, সহ-সাধারণ সম্পাদক আবু বক্কর, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, কোষাধক্ষ্য মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক কারী জাহিদ হাসান, সদস্য, মুক্তাদির ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জলিলপুর জাগরণী যুব কল্যাণ সংঘের সার্বিক সহযোগিতায় ও ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে অনুষ্ঠিত চক্ষু ক্যাম্পের সর্বমোট ৯০ জন রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ০৭ জন ছানিপড়া রোগীদের অপারেশনের পর প্রাপ্ত সুচিকিৎসা পেয়ে স্থানীয় চক্ষু রোগীরা ও জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন।