বিপ্লব চৌধু্রী ঃ স্টাফ রিপোর্টার
আব্দুল্লাহপুর বেড়ীবাধ এলাকায় কাঁচা তরকারির দামাদামি কে কেন্দ্র করে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শাহাবউদ্দিন নামের এক ক্রেতা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহঃস্পতিবার ১৯ ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটার দিকে শাহাবউদ্দিন একটি দোকানে শসার দাম জানতে চাইলে বিক্রেতা প্রতি কেজি ১২০ টাকা দাবি করেন। এ সময় তিনি দামাদামি করলে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ওই দোকানের চার ব্যবসায়ী একযোগে তাকে মারধর শুরু করেন বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য ক্রেতারা এ দৃশ্য দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে অভিযুক্ত চার ব্যবসায়ী দোকান ফেলে দ্রুত পালিয়ে যান। পরে ক্ষিপ্ত জনতা দীর্ঘ সময় এলাকায় অবস্থান নেন।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর তদারকি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো বেশি দাম নিচ্ছেন। এ নিয়ে ভোক্তাদের মধ্যে অসন্তোষ বাড়ছে।