দিশা আক্তার ঃ স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মধ্য খলাপাড়া গ্রামের ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও সিকদার ওয়ার্কশপের মালিকদের মধ্যে মেশিনের ফর্মা তৈরি করা নিয়ে প্রথমে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় কয়েকজন ব্যক্তি ভাই ভাই ওয়ার্কশপের মালিক নজরুল মোল্লার ছেলে সজীব মোল্লা (২৮)-কে এলোপাতাড়ি মারধর করে।
সজীবের চিৎকার শুনে ঘটনাস্থলের পাশে থাকা তার ফুফা একই গ্রামের মৃত তালেব আলী শিকদারের ছেলে হবি সিকদার (৭০) এগিয়ে এলে হামলাকারীরা তাকেও মারধর করে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হবি সিকদারকে মৃত ঘোষণা করেন। আহত সজীব মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার এসআই (নিঃ) মো. রিয়াদুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তির প্রাথমিক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে হবি সিকদার (৭০) চিকিৎসা নেওয়ার আগেই মারা যান। এ ঘটনায় দুইজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।