
সৌরভ হাওলাদার বরিশাল প্রতিনিধি :
বরিশাল-দপদপিয়া সেতুর ওপর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বাকেরগঞ্জের কিশোর রিফাতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়া গুরুতর আহত সিফাতের সুচিকিৎসার দাবিতে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ ও মানববন্ধন পালিত হয়েছে।
আজ বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টায় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সরকারি কলেজের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে সর্বস্তরের শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গত ৯ আগস্ট (রবিবার) বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন দপদপিয়া সেতুতে বিআরটিসি বাস ও মাহিন্দ্র আলফার মুখোমুখি সংঘর্ষে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর গ্রামের রিফাত ঘটনাস্থলেই নিহত হন। একই দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রাণ হারান এবং রিফাতের ভাই সিফাত গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হলেও আড়ালে পড়ে থাকে নিহত রিফাত ও আহত সিফাতের পরিবার। এই অবহেলা ও বৈষম্যের প্রতিবাদেই রাস্তায় নেমে আসেন স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা।
বিক্ষোভকারীদের মূল দাবিগুলো
নিহত রিফাতের পরিবারকে অনতিবিলম্বে বিআরটিসি ও প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।
গুরুতর আহত সিফাতের সুচিকিৎসার যাবতীয় ব্যয়ভার প্রশাসন ও বিআরটিসিকে বহন করতে হবে।
বিআরটিসি বাসের বেপরোয়া চলাচল বন্ধ করে মহাসড়কে পথচারী ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলন ও হুঁশিয়ারি
বিকেল ৪টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা "নিরাপদ সড়ক চাই, জীবন বাঁচাতে চাই", "যে গাড়ি মানুষ মারে, সেই গাড়ি চলবে না", "তুমি কে? আমি কে? রিফাত, রিফাত!" সহ নানা স্লোগানে রাজপথ উত্তাল করে তোলেন।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিআরটিসি কর্তৃপক্ষের বেপরোয়া যান চলাচলের বলি হয়েছে নিষ্পাপ দুটি প্রাণ। অনতিবিলম্বে রিফাতের পরিবারকে ক্ষতিপূরণ ও সিফাতের চিকিৎসার দায়িত্ব না নিলে মহাসড়ক সম্পূর্ণ স্তব্ধ করে দেওয়াসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।