আবুল হাসনাত তুহিন, ফেনী: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ফেনীর দাগনভূঞায় ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজ এর নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রসারে এক নতুন মাইলফলক হিসেবে যাত্রা শুরু করা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং সম্মানিত সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব মোঃ নুর করিম নোবেলের সাবলীল ও চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানটি এক জাঁকজমকপূর্ণ রূপ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেবুন নাহার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আকবর হোসেন (আহবায়ক, দাগনভূঞা উপজেলা বিএনপি),কামরুল উদ্দিন(সদস্য সচিব উপজেলা বিএনপি) মোঃ রফিকুল ইসলাম (বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক)
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন বরেণ্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, কলেজের, কলেজের বিজ্ঞ প্রভাষকমণ্ডলী,বিভিন্ন স্কুল প্রধান শিক্ষক, সম্মানিত অভিভাবকবৃন্দ, সাংবাদিক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।
আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে নতুন ক্যাম্পাসের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন ইতিবাচক পদক্ষেপের কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী মহোদয় শিক্ষা প্রসারে কলেজ কর্তৃপক্ষের ভূমিকার উচ্চ প্রশংসা করেন। তিনি একটি সুন্দর, সবুজ ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।