
সিয়ামুর রশিদ স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুরে বহুল প্রতীক্ষিত শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬ আয়োজনকে ঘিরে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী বড়মাঠে মেলার অবকাঠামোগত নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। তিনি মেলার অবকাঠামো নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতার মাধ্যমে সফল আয়োজন নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ। তারা জানান, স্থানীয় শিল্প, ব্যবসা-বাণিজ্য ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন এবং বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করতেই এ মেলার আয়োজন করা হচ্ছে।
আয়োজকরা আশা করছেন, শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬ স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং জেলার ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যবসায়ী ও দর্শনার্থীদের অংশগ্রহণে মেলাটি উৎসবমুখর পরিবেশে পরিণত হবে।
উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও দিনাজপুর বড়মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেলাকে ঘিরে ইতোমধ্যে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।