
মোহাম্মদ হোসাইন
কক্সবাজার (৫ নভেম্বর ২৬):
নানা জটিলতা ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে শুরু হয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল। চলতি পর্যটন মৌসুমের প্রথম দিনে সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাট থেকে আটশ’রও বেশি পর্যটক নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে ‘এমভি বার আউলিয়া’।
জাহাজ চলাচল শুরুর মধ্য দিয়ে দ্বীপকেন্দ্রিক পর্যটন ব্যবসায় নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। প্রশাসনিক ও পরিবেশগত বিভিন্ন অনুমোদন জটিলতার কারণে নির্ধারিত সময়ের কয়েক দিন পর এই রুট চালু হলো।
সেন্টমার্টিনের প্রতিবেশগত ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণের ওপর জোর দেওয়া হয়েছে। দ্বীপে প্লাস্টিক বর্জ্য ফেলা রোধ এবং পরিবেশ সংরক্ষণে পর্যটকদের সচেতন থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে মৌসুমের প্রথম দিনে টিকিট বিক্রি নিয়ে পর্যটকদের কিছু অভিযোগ ও বাড়তি ভাড়ার গুঞ্জন থাকলেও সেন্টমার্টিন ভ্রমণে আসা পর্যটকদের মাঝে ছিল ব্যাপক উদ্দীপনা ও উচ্ছ্বাস।