ঝালকাঠী জেলা প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতিকে ধারণ করে শহীদের বোন মাসুমা হাদির উদ্যোগে যাত্রা শুরু করল নতুন সংগঠন “ওসমান হাদি স্মৃতি মঞ্চ”। এই সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে আবেগঘন পরিবেশে।
ওসমান হাদির শাহাদাতের ১০০তম দিনে, শনিবার (২৮ মার্চ) বিকেল ৪টায় নলছিটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে আয়োজন করা হয় এ অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদের বোন মাসুমা হাদি, ভগ্নিপতি আমির হোসেন, শহীদ সেলিম তালুকদারের পিতা সুলতান তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, সাবেক পৌর কাউন্সিলর জিয়াউল কবির মিঠু, উপজেলা ছাত্রদল সদস্য সচিব সুজন খান, সাংবাদিক ইসমাইল মুসাফির, এনসিপির আহ্বায়ক লাভলু ব্যাপারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা শহীদ ওসমান হাদির আদর্শ, সংগ্রাম এবং তার অসমাপ্ত লড়াইকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তারা হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।
মূল প্রবন্ধ উপস্থাপন করে মাসুমা হাদি বলেন, দেশের হারিয়ে যেতে বসা প্রকৃত সংস্কৃতি রক্ষা এবং ভিনদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইকে এগিয়ে নিতে এই সংগঠন কাজ করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, শহীদ ওসমান হাদির কণ্ঠস্বর ও আদর্শ এই মঞ্চের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়বে।
তিনি আরও অভিযোগ করেন, হত্যার ১০০ দিন পার হলেও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি নেই। তদন্তের ধীরগতিতে উদ্বেগ প্রকাশ করে দ্রুত খুনিদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি ইসলামি সংগীত, মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহাত আব্দুল্লাহ।