
খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ
অনুষ্ঠিত্বব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী উত্তেজনার জেরে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নে গোষ্ঠীগত সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রার্থী সমর্থনকে কেন্দ্র করে তোফাজ্জল মিয়া গোষ্ঠীর লোকদের সাথে ফখরুল মিয়ার গোষ্ঠীর লোকদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।
শুক্রবার ১৩ ফেব্রুয়ারি সকালে নির্বাচনের জয়- পরাজয়ের বিষয় নিয়ে দুই গোষ্ঠীর লোকদের মধ্যে কথা কাটাকাটি ও তর্ক বির্তক হয়। তর্ক বির্তকের এক পর্যায়ে হাতাহাতির রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই গোষ্ঠীর লোকদের সাথে দেশীয় অস্ত্র - শস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। ভাংচুর করা হয় কয়েকটি বাড়ি - ঘর।
সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সংঘর্ষ নিয়ে এলাকায় উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে। এরই পুর্বে একই গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে ২ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছিল। এরই জের কাটতে না কাটতেই আবার সংঘাত - সংঘর্ষ। এ নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহিনুল ইসলাম বলেন, আজকের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়ন রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নজরদারিতে রেখেছে। সংঘর্ষকারিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
নতুন করে সংঘাত এড়াতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উভয় পক্ষের লোকজনদেরকে শান্ত থাকার আহবান জানান।