
খ ম জায়েদ হোসেন, নাসিরনগর
(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
যত্রতত্র আবর্জনা ফেলায় নাসিরনগর
উপজেলা সদর যেন দিন দিন ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। নেই পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, নেই ময়লা-আবর্জনা ফেলার নির্ধারিত স্থান। ফলে বাসাবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য ফেলা হচ্ছে যেখানে সেখানে।
গুরুত্বপূর্ণ সড়কের পাশে, বাজারের অলিগলিতে, জনবসতিপূর্ণ এলাকায় এমনকি সরকারি স্থাপনার পাশে, নদী - খালেও গড়ে উঠেছে ময়লার বিশাল স্তূপ। পচা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। অথচ দীর্ঘদিনের এ সমস্যা নিরসনে কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান না হওয়ায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে বাড়ছে ক্ষোভ।
উপজেলা সদরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, জনবহুল বাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক এলাকার আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ময়লা-আবর্জনা। কোথাও বাসাবাড়ির উচ্ছিষ্ট, কোথাও বাজারের পচনশীল বর্জ্য, আবার কোথাও পলিথিন, প্লাস্টিক ও ফেলে দেওয়া সামগ্রীর স্তূপ। নিয়মিত বর্জ্য সংগ্রহ ও অপসারণের ব্যবস্থা না থাকায় দিনের পর দিন এসব আবর্জনা জমে একেকটি স্থান পরিণত হয়েছে অঘোষিত ময়লার ভাগাড়ে। দুর্গন্ধের কারণে পথচারীদের নাক চেপে চলাচল করতে হচ্ছে।
সবচেয়ে দুর্ভোগপূর্ণ স্থানগুলোর একটি হচ্ছে উপজেলা সদরের বাজার এলাকার পূর্ব প্রান্ত উপজেলা খাদ্য গুদামের পাশে, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পুকুর ঘেঁষে, স্থানীয় শহীদ মিনার - কলেজ মোড় যাওয়ার (একটু এগুলেই) রাস্তার পাশে বিভিন্ন এলাকায়। এখানে গড়ে উঠেছে বিশাল ময়লার স্তূপ। আশপাশের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য প্রতিনিয়ত ফেলার কারণে জায়গাটি দুর্গন্ধময় হয়ে উঠেছে। এ পথে চলাচলকারী পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
প্রতিদিন এ পথ দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দুর্গন্ধের মধ্যে যাতায়াত করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়ির ফেলা ময়লা-আবর্জনায় সেখানে তৈরি হয়েছে বিশাল ভাগাড়। পচনশীল বর্জ্যের দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়, নির্বিচারে ময়লা ফেলার কারণে জমেছে আবর্জনার স্তূপ। গুরুত্বপূর্ণ এসব স্থানে বর্জ্যের এমন অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্থানীয়রা।
স্থানীয়দের ভাষ্য মতে, উপজেলা সদরে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের বর্জ্য সংগ্রহ, পরিবহন ও অপসারণের কোনো কার্যকর ব্যবস্থা নেই। নেই পর্যাপ্ত ডাস্টবিন কিংবা নির্ধারিত বর্জ্য ফেলার স্থান। ফলে অনেকেই বাধ্য হয়ে বাড়ি বা দোকানের আশপাশের খালি জায়গা, সড়কের পাশ কিংবা খালে ময়লা ফেলছেন। তবে নির্দিষ্ট ব্যবস্থা না থাকার পাশাপাশি জনসচেতনতার অভাবকেও এ পরিস্থিতির জন্য দায়ী করছেন সচেতনমহল।
অনেকের প্রশ্ন একটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবসতিপূর্ণ এলাকা এভাবে আর কতদিন ময়লার ভাগাড় হয়ে থাকবে? প্রতিদিন বাড়ছে আবর্জনার স্তূপ, ছড়াচ্ছে দুর্গন্ধ, দূষিত হচ্ছে পরিবেশ। অথচ বর্জ্য অপসারণে নেই কার্যকর ব্যবস্থা। এ অবস্থায় নাসিরনগর উপজেলা সদরকে ময়লার অভিশাপ থেকে মুক্ত করে পরিচ্ছন্ন ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।
বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী বলেন, ময়লা যেখানে সেখানে শুধু দু-একজন ফেলে না, এই এলাকার সবাই ফেলে কারন এখানে ডাস্টবিন নেই। পুরো এলাকার সবাই নিরুপায় হয়েই যত্রতত্র ময়লা ফেলে পরিবেশ দূষিত করছেন।গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন, নিয়মিত বর্জ্য সংগ্রহ ও অপসারণ, নির্ধারিত বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন এবং যত্রতত্র ময়লা ফেলা বন্ধে কার্যকর নজরদারি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাজার ও আবাসিক এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে যত্রতত্র জমে থাকা পচনশীল বর্জ্য জনস্বাস্থ্যের জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উন্মুক্ত স্থানে আবর্জনার স্তূপ মশা-মাছির বিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করতে পারে। পাশাপাশি বৃষ্টির পানির সঙ্গে বর্জ্য আশপাশের নালা ও জলাশয়ে ছড়িয়ে পড়লে পানিদূষণ এবং বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের অব্যবস্থাপনা দীর্ঘমেয়াদে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়দের দাবি, ক্রমবর্ধমান জনসংখ্যা ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে উপজেলা সদরে দ্রুত পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করতে হবে।
গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন, নিয়মিত বর্জ্য সংগ্রহ ও অপসারণ, নির্ধারিত বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন এবং যত্রতত্র ময়লা ফেলা বন্ধে কার্যকর নজরদারি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাজার ও আবাসিক এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন তাঁরা।