খ, ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামে পূর্ব শত্রুতার জেরে ছোট গোষ্ঠীর উপর বড় গোষ্ঠীর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গত মঙ্গলবার ১৯ মে রাত ৯ টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল লোক হঠাৎ একটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও মারধরের ঘটনা ঘটায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা বাড়ির বসতঘর ও কয়েকটি দোকানঘরে ভাঙচুর চালায়। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার, গরু, মোবাইল ফোন, টিভি, ফ্রিজসহ বিভিন্ন মালামাল লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলার সময় একটি ঘরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে।
এ ঘটনায় তৌফাজ্জল মিয়া (৩৫), সুমাইয়া আক্তার (১৮), রিনা বেগম (৬০), হোসনা বেগম (৫৫) ও ইউসুফ মিয়া (২৫) আহত হন। গুরুতর আহত তৌফাজ্জল মিয়াকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকায় ঘটনার পর আতঙ্ক বিরাজ করছে। তবে আহতদের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।
এ বিষয়ে নাসিরনগর থানা পুলিশ পরিদর্শক এস আই সোহেল সিকদার বলেন, শুনেছি গতরাতে কাহেতুরা গ্রামে মারামারির ঘটনা ঘটেছে, কোন অভিযোগ পাইনি,অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।