
খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া)
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ১২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৩টিতে প্রধান শিক্ষকের পদ এবং ৪৪টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে।
দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ না হওয়ায় বিদ্যালয়গুলোতে পাঠদান ব্যাহত হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১২৬টি। এর মধ্যে ৩৩টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ খালি। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ৪৪টি পদও শূন্য রয়েছে।
স্থানীয় সূত্র ও সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, প্রধান শিক্ষক না থাকায় এসব বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম, এতে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে সমস্যা দেখা দিচ্ছে।
নাসিরনগর উপজেলার গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান জানান, বিদ্যালয়ে ৩৬৪ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র পাঁচজন। একজন প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষকের পদ খালি থাকায় পাঠদান চালাতে হিমশিম খেতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক নাসিরনগর সদরের এক বিদ্যালয়ের শিক্ষক বলেন, “আমাদের বিদ্যালয়ে এমনিতেই শিক্ষক সংকট। তার ওপর প্রাথমিক শিক্ষা অফিসে একজন শিক্ষককে এনে কাজ করানো হয়। এতে পড়ালেখায় সমস্যা হচ্ছে।”
শিক্ষকরা জানান, প্রধান শিক্ষককে প্রায়ই দাপ্তরিক কাজে বাইরে থাকতে হয়। ফলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলা বিদ্যালয়গুলোতে নিয়মিত ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। একইভাবে সহকারী শিক্ষকের ঘাটতি থাকা বিদ্যালয়গুলোতেও পাঠদান ব্যাহত হচ্ছে।
উপজেলার শিক্ষকরা দ্রুত শূন্যপদে নিয়োগ দিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।