
ষ্ট্যাফ রিপোর্টার,
কিশোরগঞ্জ, ১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার):
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সাধারণ সভা।
বিকাল ৩টা ৩০ মিনিটে জেলা পাবলিক লাইব্রেরি, কিশোরগঞ্জ মিলনায়তনে আয়োজিত সভায় সড়ক নিরাপত্তা জোরদারে সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং মানসম্মত হেলমেট ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। তারা বলেন, সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা গেলে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিসচার কেন্দ্রীয় কমিটির মহাসচিব লিটন এরশাদ। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু. আ. লতিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এম কাইয়ুম খান, অর্থ সম্পাদক মোঃ আসাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুর রহমান এবং সুফিয়া-মান্নান ফাউন্ডেশন–এর ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
সভায় নিরাপদ সড়ক আন্দোলনের প্রেরণা, প্রয়াত জাহানারা কাঞ্চনের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। বক্তারা তাঁর আত্মত্যাগ স্মরণ করে সড়ক নিরাপত্তা আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।
সুফিয়া–মান্নান ফাউন্ডেশন
অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সুফিয়া–মান্নান ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান। নিসচার কার্যক্রমে ধারাবাহিক সহযোগিতা এবং সামাজিক সচেতনতামূলক উদ্যোগে সক্রিয় ভূমিকার জন্য প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা দেওয়া হয়। উপস্থিত অতিথিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভা শেষে নিসচা সদর উপজেলা শাখার ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোবারক হোসেন সুমন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আবদুল্লাহ আল মামুন।
সমাপনী বক্তব্যে বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে “নিরাপদ সড়ক চাই” আন্দোলন বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান।