স্টাফ রিপোর্টার
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
কিশোরগঞ্জ শহরের জজ কোর্ট এলাকার সামনে শুক্রবার ভোরে সড়ক দুর্ঘটনায় মডেল থানা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০) নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ সদর মডেল থানা মসজিদ-এর পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
ঘটনাস্থল ও পুলিশ সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় শেষে প্রতিদিনের মতো ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। জজ কোর্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাককে পাশ দিতে গিয়ে অটোরিকশাটি সড়কের ওপর রাখা নির্মাণসামগ্রীর বালুর স্তূপে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি উল্টে গেলে ইমাম ও চালক দুজনেই গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমাম গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন। আহত চালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন; তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতের পরিবার অভিযোগ করেছে, সড়কে নির্মাণকাজের বালু ফেলে রেখে কোনো সতর্কবার্তা বা নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহির দাবি জানিয়েছেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে বড় ধরনের বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি; পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।