আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ
পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, নীলফামারী-এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার মুশরত ধূলিয়া, খিয়ারজুম্মা এলাকায় অবস্থিত মোঃ রেজাউল ইসলাম-এর মালিকানাধীন মেসার্স এস এস জেড ব্রিকস নামক একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫(১) লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ইটভাটাকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি অনুমোদন ব্যতীত কৃষিজমি থেকে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনার অপরাধে পানি স্প্রে করে কাঁচা ইট ধ্বংস করা হয়, কিলনের আগুন নিভিয়ে দেওয়া হয় এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসন, নীলফামারী-এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান উদ্দীন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন। নীলফামারী জেলা পুলিশের একটি চৌকস দল অভিযানে সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে—পরিবেশ সংরক্ষণ ও আইন বাস্তবায়নের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।