
আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ
পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০:৩০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের জেলা জজ কোর্ট চত্বর প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শেখ জাহিদুল ইসলাম, পিপিএম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মিল্লাদুর রহমান মামুন, পরিবেশ সংরক্ষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল মোমিন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন। তিনি দিবসের প্রতিপাদ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ভিডিও প্রদর্শনের মাধ্যমে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরেন।
বিশেষ অতিথি পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম বলেন, আইন প্রয়োগের পাশাপাশি বাস মালিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হবে।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোকে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২৫ অনুযায়ী নীরব জোন হিসেবে চিহ্নিত করে সাইনবোর্ড স্থাপন এবং মোবাইল কোর্টের মাধ্যমে আইন প্রয়োগ আরও জোরদার করা হবে।
দিবস উপলক্ষে বাইপাস মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬টি যানবাহনকে ৩,৬০০ টাকা জরিমানা করা হয় এবং ৮টি হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।এসময় চালকদের সতর্ক করে লিফলেট বিতরণ করা হয় এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।