
আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী সদরের ৯নং ইটাখোলা ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোঃ গোলাম রব্বানী সরকারের নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) রাতে ইটাখোলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইটাখোলা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এক কর্মী সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
ইটাখোলা ইউনিয়ন আমীর মোঃ নুর ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলফারুক আব্দুল লতীফ এমপি। দুই এমপি যৌথভাবে হাত উচিয়ে চেয়ারম্যান প্রার্থী গোলাম রব্বানী সরকারের নাম ঘোষণা করেন। এ সময় জেলা আমীর দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনারুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু হানিফা শাহ্, জেলা জামায়াতের কর্মপরিযদ সদস্য ও নীলফামারী পৌরসভার মেয়র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান মন্টু, সদর উপজেলা সহকারি সেক্রেটারী আহমাদ রায়হান, সাবেক ইটাখোলা ইউনিয়নের আমীর মোঃ খবির উদ্দিন, প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ
সহ স্থানীয় জামায়াতের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত কর্মী সমাবেশে সংগীত পরিবেশন করেন নীলাঞ্চল সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ।