
সোহেল খান দূর্জয়- নেত্রকোনা :
নেত্রকোনার সদর উপজেলার রৌহা ইউনিয়নে ন্যায্যমূল্যে পণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে আগাম টাকা আদায়ের অভিযোগে পাঁচজনকে পুলিশ হেফাজতে নিয়েছে মডেল থানা পুলিশ। সোমবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার রৌহা ইউনিয়নের বালিজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।আটককৃতরা হলেন— চল্লিশা ইউনিয়নের ঝাউশি এলাকার মোশারফ হোসেন (৩০), স্বপ্না (৪০), নাইম (২৫), মীম (২০) এবং পারলা এলাকার জুয়েল মিয়া (২৫)। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে একই এলাকার রুনা (২৫) নামের এক মেয়ে পালিয়ে যান।
গোয়েন্দা সংস্থা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘আশক ফাউন্ডেশন’ নামে কথিত একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পরিচয়ে একটি চক্র কয়েকদিন ধরে বিভিন্ন গ্রামে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। তারা ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ ও বেসরকারি চিকিৎসাসেবায় ছাড় দেওয়ার কথা বলে প্রতি কার্ডের জন্য ১২০ টাকা করে আদায় করছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা ইউপি সদস্য ও পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে কার্যক্রম পরিচালনার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তারা।
এ বিষয়ে রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাতেন জানান, কয়েকদিন ধরে একটি চক্র ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ন্যায্যমূল্যে পণ্য দেওয়ার নামে ১২০ টাকায় কার্ড বিতরণ করছিল। প্রশাসনের অনুমোদন আছে কি না জানতে চাইলে তারা উপজেলা থেকে অনুমতি নেওয়ার কথা জানায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, এ ধরনের কোনো অনুমোদন দেওয়া হয়নি। এরপর পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্হলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাদের পুলিশ নেয়া হয়। নেত্রকোনা মডেল থানার এসআই মো. ইয়াকুব আলী জানান, ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যানের সহযোগিতায় একটি মোটরসাইকেলসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। বৈধ কাগজপত্র দেখাতে না পারলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।