কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের অফিসকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে তিনি সদ্য পদোন্নতি প্রাপ্ত সদস্যদের কাঁধে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় উপস্থিত কর্মকর্তাদের করতালির মাধ্যমে পদোন্নতি প্রাপ্ত সদস্যদের অভিনন্দিত করা হয়।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, “পদোন্নতি একজন সদস্যের কর্মদক্ষতা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতি। এটি যেমন গৌরবের, তেমনি বাড়তি দায়িত্ব পালনের অঙ্গীকারও।” তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জন ও তা ধরে রাখাই পুলিশের প্রধান চ্যালেঞ্জ।
এজন্য প্রত্যেক সদস্যকে নিষ্ঠা, সততা ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবামূলক কর্মকাণ্ডে আরও গতিশীল ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল থাকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এবং জনাব মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)। এছাড়াও জেলা পুলিশ কিশোরগঞ্জ-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি ছিল আনন্দঘন ও আবেগঘন মুহূর্তে ভরপুর। পদোন্নতি প্রাপ্ত সদস্যরা তাঁদের অনুভূতি ব্যক্ত করে বলেন, এ স্বীকৃতি তাঁদের কাজের অনুপ্রেরণা আরও বাড়িয়ে দেবে। তাঁরা ভবিষ্যতেও সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা পুলিশের এমন আয়োজন বাহিনীর সদস্যদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধি এবং পেশাগত মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।