যিশাই মুর্মু হীরা প্রতিবেদক-পীরগঞ্জ (রংপুর):
রংপুরের পীরগঞ্জ উপজেলার ৬-আসনের অন্তর্গত হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি আলমারি থেকে ধানের শীষ প্রতীকে সিলমারা ব্যালট পেপার ও নির্বাচনী সিল উদ্ধারের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। আজ সোমবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা লাঠিসোটা ও ঝাড়ু নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে তীব্র বিক্ষোভ প্রদর্শন করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের একটি কক্ষের আলমারি খোলার পর সেখানে বিপুল পরিমাণ সিলমারা ব্যালট ও সিল দেখে উপস্থিত ব্যক্তিরা হতবাক হয়ে যান। মুহূর্তের মধ্যে খবরটি গ্রামে ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ লাঠিসোটা নিয়ে স্কুল ঘেরাও করে। বিক্ষুব্ধ নারীরা ঝাড়ু হাতে মিছিলে অংশ নেন এবং এক পর্যায়ে সংশ্লিষ্টদের অবরুদ্ধ করে রাখেন। জনরোষের মুখে ওই এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিস্ময় প্রকাশ করে বলেন, “রুমটি তালাবদ্ধ ছিল, বাইরে থেকে ভেতরে কিছু ঢোকানো কোনোভাবেই সম্ভব নয়।” তবে কক্ষটি বন্ধ থাকার পরেও আলমারির ভেতরে কীভাবে সরকারি ব্যালট পেপার ও সিল এলো, সে বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ভোট কারচুপির উদ্দেশ্যে এসব ব্যালট ব্যবহার করেছেন এবং কেন্দ্র ত্যাগ করার সময় তাড়াহুড়ো করতে গিয়ে এসব প্রমাণ সরাতে ভুলে গেছেন। বিক্ষুব্ধ জনতা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় অবরুদ্ধ অবস্থা থেকে সংশ্লিষ্টদের উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত সরঞ্জামগুলো জব্দ করা হয়েছে। এই জালিয়াতির নেপথ্যে কারা জড়িত, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।