
মো: সাখাওয়াত হোসেন মামুন,
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে ওনিয় ঘোষ (৩) বছর নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর /২৬) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা পশ্চিমপাড়া গ্রামে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে।
নিহত ওনিয় ঘোষ ঐ গ্রামের বাসিন্দা এবং পূর্বধলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পূর্বধলা বাজার পাদুকা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিকাশ ঘোষের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ধরে ওনিয়কে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন স্বজনরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ( ওসি) মো: আবদুল্লাহ আল মামুন
ওনিয় ঘোষের পানিতে পড়ে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পূর্বধলা উপজেলা বি এন পি তার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও বইছে শোকের ছায়া। পূর্বধলা উপজেলা বি এন পি আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার ও যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ মনসুর খোকন আকন্দ ওনিয় ঘোষের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।